যদি ঘিরে থাকে তোমায় এক সমুদ্র প্রেম,
জেনো, সে অন্তহীন সিন্ধু মাঝে
একখানি ঢেউ আমি;
যদি কোনো হৃদয় ডাকে একাকী তোমায়,
জেনো, সে হৃদয় আমারি।
আর যদি সকল ভালোবাসা
মুছে যায় পৃথিবীর বুকে,
জেনো, আমি আর নেই;
চলে গেছি অন্য কোনো নক্ষত্র রন্ধ্রে
নিভৃত অন্ধকারে;
হয়তো বা পাড়ি দিয়েছি একা
ক্লান্ত শালিকের ডানা মেলে, সন্ধ্যা নদী তীরে।
যদি হেঁটে যাও একা কোনো এক শরতের ভোরে,
জেনো, আমিই সেই শিশির ভেজা শ্যামল ঘাসে
ছড়িয়ে থাকা শিউলির ঘ্রাণ;
হেমন্তের পড়ন্ত বিকেলে
আমিই সেই শীতল বাতাস।
আর যদি সকল স্মৃতি
মুছে যায় সময়ের বিবর্ণ ঝড়ে,
জেনো, আমি আর নেই;
মিশে গেছি পৃথিবীর আদিম পঙ্কে,
বিস্মৃত তিমিরে;
হয়তো বা ভেসে গেছি নিঃশব্দে জলস্রোতে,
শায়িত কোনো এক নিবিড়, নির্জন প্রান্তরে।
✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!
